মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে বিএনপির উপজেলা কার্যালয়ে হামলা,ভাঙচুর,হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় শেখর কুন্ড (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(১৫ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ২ নং আমরাজুড়ী ইউনিয়নের সোনাকুর গ্রামের কুন্ডবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শেখর কুন্ড সোনাকুর গ্রামের অমূল্য কুমার কুন্ড ও শম্ভুরী কুন্ডের ছেলে। পুলিশের গ্রেফতারসংক্রান্ত প্রতিবেদনে তাকে ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৪টার দিকে কাউখালী বন্দরের কাপুড়িয়া পট্টিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল নিয়ে একদল লোক উত্তর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির ভাড়াকৃত কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় তাদের হাতে হাতবোমা, পেট্রোল,দা,চাপাতি,চাইনিজ কুড়াল,রড,হকিস্টিক,জিআই পাইপসহ দেশীয় অস্ত্র ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী,বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ১০ থেকে ১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে কার্যালয়ের দরজা,গ্রিল ও জানালা ভাঙচুর করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে চেয়ার,টেবিল,ফ্যান, সাউন্ড বক্স,মাইক্রোফোনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়,কার্যালয়ের ভেতরে ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও দুটি টেবিল একত্র করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় তিন লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আরও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশের দাবি,মামলার তদন্তে শেখর কুন্ডের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, “বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে সন্দেহভাজন শেখর কুন্ডকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”