স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
চট্টগ্রামের প্রাচীন দ্বীপ উপজেলা সন্দ্বীপে অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবামূলক সংগঠন ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মেধা অন্বেষণমূলক পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হলো—কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় এবং সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্রগুলোতে আগে থেকেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
আয়োজক সংগঠনের তথ্যমতে, এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপের শতাধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ, ৭ম ও ৯ম শ্রেণির মোট ১ হাজার ৫০৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ প্রস্তুতি ও কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম ও শৃঙ্খলা তদারকি করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার হুমায়ুন কবির, সংগঠনের সভাপতি বশার উদ্দিন, সদস্য সচিব মনিরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সদস্য মেহেদী হাসান ও নুরুল আলম। পরিদর্শনকালে তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় সংশ্লিষ্ট তিন কেন্দ্রের কেন্দ্রসচিব, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সন্দ্বীপের কৃতি সন্তান মাস্টার কামাল উদ্দিনের স্মৃতিকে অম্লান রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সন্দ্বীপে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে সহায়তা করাই এ আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।