স্টাফ রিপোর্টার, হাফিজুর রহমান হাবিব:
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবামূলক সংগঠন ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হলো—কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় এবং সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপের শতাধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ, সপ্তম ও নবম শ্রেণির মোট ১ হাজার ৫০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষার সার্বিক কার্যক্রম ও শৃঙ্খলা পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার হুমায়ুন কবির, সংগঠনের সভাপতি বশার উদ্দিন, সদস্য সচিব মনিরুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সদস্য মেহেদী হাসান ও নুরুল আলম। এ সময় তাঁরা কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্রসচিব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সন্দ্বীপের কৃতী সন্তান মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
তাঁরা আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রসার এবং সামাজিক কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।