সোহরাওয়ার্দী হোসেন
স্টাফ রিপোর্টার :
৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন, বন্ধ কারখানা দ্রুত চালু এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান
দেশের তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয় ও লাখো শ্রমিকের কর্মসংস্থানের অন্যতম প্রধান ভিত্তি। এই শিল্পের সঙ্গে শ্রমিক, মালিক, উদ্যোক্তা এবং রাষ্ট্রের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। তাই পোশাকশিল্পের যেকোনো সংকট মোকাবিলায় সংঘাত নয়, প্রয়োজন পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা, সংলাপ ও কার্যকর উদ্যোগ।
সরকার ইতোমধ্যে নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এর মাধ্যমে পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিসহ মজুরি পুনর্নির্ধারণের বিষয়টি প্রাতিষ্ঠানিক ও আইনসম্মত প্রক্রিয়ায় আলোচনার সুযোগ তৈরি হয়েছে। আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, পরিবারের মৌলিক চাহিদা এবং শিল্পের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় একটি সম্মানজনক মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
তবে উদ্বেগের বিষয়, পোশাকশিল্পের বিভিন্ন স্থানে অস্থিরতা, উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানা বন্ধের ঘটনা শ্রমিকদের জীবন-জীবিকা ও দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার বিষয়টি সামনে এসেছে। এসব কারখানার উৎপাদন বন্ধ থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শ্রমিকরা। কারণ, তাঁদের আয়ের ওপর নির্ভর করে একটি পরিবারের খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও সন্তানদের শিক্ষার মতো মৌলিক চাহিদা।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। একই সঙ্গে শ্রমিকদের আবেগ ও ন্যায্য দাবিকে ব্যবহার করে কোনো মহল যদি শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি, ভাঙচুর, সহিংসতা কিংবা কর্মসংস্থান ধ্বংসের চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের ভিত্তিতে নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মালিক, শ্রমিক ও রাষ্ট্র—তিন পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন
আমরা মনে করি, এই সংকট থেকে উত্তরণের জন্য তিনটি পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
প্রথমত, মালিকপক্ষের দায়িত্ব: শ্রমিকদের ন্যায্য মজুরি, নিয়মিত বেতন-ভাতা, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের সঙ্গে বৈরী সম্পর্ক নয়, বরং অংশীদারত্বের মনোভাব নিয়ে শিল্প পরিচালনা করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানে মালিকপক্ষকে আন্তরিক হতে হবে।
দ্বিতীয়ত, শ্রমিক ও শ্রমিক সংগঠনের দায়িত্ব: ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। কোনো ধরনের উসকানি, ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংসের পথে যাওয়া যাবে না। মনে রাখতে হবে, একটি কারখানা বন্ধ হলে মালিকের পাশাপাশি সবচেয়ে বড় বিপদে পড়েন সেই কারখানার শ্রমিক ও তাঁদের পরিবার। তাই অধিকার আদায়ের আন্দোলন হতে হবে দায়িত্বশীল, সুশৃঙ্খল ও আইনসম্মত।
তৃতীয়ত, রাষ্ট্রের দায়িত্ব: সরকারকে শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করলে চলবে না; শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। মজুরি বোর্ডের কার্যক্রম স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সময়োপযোগী করতে হবে। একই সঙ্গে কারখানা বন্ধের কারণ অনুসন্ধান, শ্রমিকদের বকেয়া পাওনা ও কর্মসংস্থান সুরক্ষা, মালিকদের শিল্প পরিচালনার নিরাপত্তা এবং অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
বন্ধ কারখানা দ্রুত চালুর উদ্যোগ নিতে হবে
আমরা সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, যেসব কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, সেগুলোর প্রকৃত কারণ চিহ্নিত করে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। যেসব কারখানা পুনরায় চালু করা সম্ভব, সেগুলো অনতিবিলম্বে চালুর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান ও বকেয়া মজুরি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
আমরা বিশ্বাস করি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি শক্তিশালী হবে এবং অর্থনীতি শক্তিশালী হলে রাষ্ট্র এগিয়ে যাবে। মালিকের বিনিয়োগের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদাপূর্ণ জীবনও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের পোশাকশিল্পকে কোনো পক্ষের স্বার্থের সংঘাতের জায়গায় পরিণত করা যাবে না। এই শিল্পের সঙ্গে দেশের ভাবমূর্তি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং লাখো পরিবারের ভবিষ্যৎ জড়িত।
আমাদের অবস্থান পরিষ্কার—আমরা শ্রমিকের ন্যায্য মজুরি চাই, মালিকের বিনিয়োগ ও শিল্পের সুরক্ষা চাই, রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা চাই। আমরা চাই না কোনো শ্রমিক কর্মহীন হোক, কোনো কারখানা অকারণে বন্ধ থাকুক কিংবা কোনো বিনিয়োগকারী নিরাপত্তাহীনতায় ভুগুক।
আসুন, সংঘাত ও উসকানি পরিহার করে শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা, রাষ্ট্রের কার্যকর সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে পোশাকশিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনি।
ইমরান খান
সিনিয়র সহ-সভাপতি
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ
কেন্দ্রীয় নির্বাহী সংসদ।