মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর);
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার মোঃ সিয়াম হোসেন (১৮) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের পৌর পাবলিক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,অজ্ঞাত ব্যক্তিরা বাসস্ট্যান্ডে রাখা বরিশাল-ভান্ডারিয়া লোকাল লিসা পরিবহন (খুলনা মেট্রো-ব-১১-০০৫১) বাসে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে বাসস্ট্যান্ডের পূর্ব পাশে যাত্রী ছাউনির সামনে রাখা বরিশাল-ভান্ডারিয়া লোকাল বাহক ট্রাভেলস (বরিশাল মেট্রো-ব-১১-০১৩২) বাসেও আগুন লাগে।
এ সময় বাহক ট্রাভেলসের ভেতরে ঘুমিয়ে থাকা বাসের হেলপার মোঃ সিয়াম হোসেন (১৮) আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর পিতার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস, ভান্ডারিয়া থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজনের প্রাণহানি ঘটেছে। আগুনের সূত্রপাত ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।