
(পিরোজপুর) প্রতিনিধি:
কাউখালী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের বহুল আলোচিত ‘ইঁদুর কাণ্ড’এবার গড়িয়েছে জবাবদিহিতার টেবিলে। ঘটনায় জড়িত অফিসের কর্মচারী স্বপন কুমার কর্মকারকে শোকজ করার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৪ অক্টোবর (বুধবার) থেকে ১৫ দিনের জন্য কর্ম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত গত ৬ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকার দিকে। অভিযুক্ত কর্মচারী স্বপন কুমার কর্মকারের দাবি অনুযায়ী,তিনি অফিস কক্ষে একটি ছোট ইঁদুর দৌড়ে যেতে দেখে “ইঁদুর গেল, ইঁদুর গেল” বলে চিৎকার করে ওঠেন। তবে অফিসে আসা এক সেবাগ্রহীতা মনে করেন, বক্তব্যটি তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হট্টগোল ও কথা কাটাকাটি হয়।
ঘটনার পর বেলা ১১:৩০ ঘটিকায় ভুক্তভোগী সেবাগ্রহীতা উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর একটি মৌখিক অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি জেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা শেখ মোহাম্মদ মসিউল ইসলামকে অবহিত করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ঐদিনই (৬ অক্টোবর) অভিযুক্ত স্বপন কুমার কর্মকারকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাবে স্বপন কুমার কর্মকার ঘটনার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি নিজের ভুলের জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না মর্মে অঙ্গীকার প্রকাশ করেন।
পরবর্তীতে সঠিক তদন্ত ও পর্যালোচনার পর উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ সাইফুল ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী, শাস্তি স্বরূপ আগামী ১৪ অক্টোবর (বুধবার) থেকে আগামী ১৫ দিনের জন্য স্বপন কর্মকারকে কর্ম হতে বিরতিতে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।