
১৬টি এলাকার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন; অর্থের বিনিময়ে ডিও লেটার বিক্রির অভিযোগ;
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়মনীতি অনুসরণ করা হয়নি। তাদের দাবি, সদ্য নিয়োগপ্রাপ্ত ১৬ জন ডিলারের মধ্যে অন্তত ১৩ জন বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত বা তাদের সহযোগী হিসেবে পরিচিত। এ নিয়োগপ্রক্রিয়ায় উপজেলা কৃষি বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তারা উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়ের ভূমিকা তদন্তের দাবি জানান।
বক্তারা বলেন, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, যোগ্যতা ও স্বচ্ছতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের অভিযোগ, বিগত ১৭ বছর ধরে যারা বিএনপি ও সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে, তাদের কেউ কেউ এখনো বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
বিএনপি নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিতর্কিত ব্যক্তিদের হাতে সার বিতরণের দায়িত্ব থাকলে সাধারণ কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে পারেন। এ কারণে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম প্রমাণিত হলে বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সাবেক সদস্য সচিব কাজী মাসুদ হাসান এবং দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) অভিযোগ করেন, তার ইউনিয়নের ডিও লেটার অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতার কাছে বিক্রি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি এ বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, সার ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, আর্থিক লেনদেন বা স্বজনপ্রীতির অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষায় সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশ শেষে বিএনপি নেতাদের একটি প্রতিনিধিদল দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা সার ডিলার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগগুলো তুলে ধরে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।