সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাংগাবাড়ি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের মধ্যেই ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে ইউনিয়নের নয়টি দুর্গা পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও বিশেষ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন ভাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন—সেই লক্ষ্যে তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শকালে পূজামণ্ডপগুলোতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ জাহিদ তালুকদারকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি পূজা কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান। এ সময় প্রতিটি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তার পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক নরেন্দ্রনাথ মন্ডল বলেন, “বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। জাহিদ তালুকদার আজ যেভাবে প্রতিটি মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন এবং আনন্দ ভাগ করে নিয়েছেন, তা আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তার নিরলস ভূমিকা প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতে তিনি নির্বাচিত হলে এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার বলেন, “‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’—এই চেতনাকে ধারণ করেই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। ভাংগাবাড়ি ইউনিয়নে আমরা কোনো ভেদাভেদ বিশ্বাস করি না; আমরা সবাই এক পরিবারের মতো। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে পূর্ণ আনন্দ ও নিরাপত্তার মধ্য দিয়ে তাদের এই সর্ববৃহৎ উৎসব পালন করতে পারেন, সে জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। আগামী দিনে ভাংগাবাড়ি ইউনিয়নকে একটি বৈষম্যহীন, আধুনিক, শান্তিপূর্ণ ও বাসযোগ্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ জন্য আমি দল-মত ও জাতি-ধর্ম নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”
উক্ত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্য বক্তারা ভাংগাবাড়ি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জাহিদ তালুকদারের অবদান স্মরণ করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এই মানবিক ও সৌজন্যমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসাম্প্রদায়িক ভাবাবেগ ধরে রাখার জন্য জাহিদ তালুকদারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।