মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার রাজশাহী:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং ঐতিহাসিক জনসভায় যোগ দিতে একদিনের সফরে রাজশাহী পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় রংপুর সফর শেষে সামরিক বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দর এলাকায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাজ সাজ রব
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো রাজশাহী নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে জনসভাস্থল পর্যন্ত বিভিন্ন সড়ক ও মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সফরসূচি ও পূজামণ্ডপ পরিদর্শন
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি নগরীর ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করবেন সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে।
ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভা
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জনসভা থেকে তিনি রাজশাহীবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এছাড়া এই জনসভা থেকেই প্রায় ৪০ হাজার আখচাষির মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
রাজশাহী সফর শেষ করে আজ বিকেলেই চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যেখানে তিনি চট্টগ্রামের জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করে রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।