
“১৪ সেপ্টেম্বরের মধ্যে সরাতে হবে স্থাপনা, না হলে মহাসড়ক আইন অনুযায়ী উচ্ছেদ”
মোঃ নুরুজ্জামান খোকন কাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের(সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে সড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখা এবং নতুন সেতু নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি দখলদার আবু জাফর মোঃ আঃ হককে লিখিত নোটিশ দিয়েছে সড়ক উপ-বিভাগ, কাউখালী। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া ‘অতীব জরুরি’ নোটিশে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে সওজের জমিতে নির্মিত স্থাপনা অপসারণ করে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক বিভাগের গড়িয়ারপাড়-বানারীপাড়া-ধর্মা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০০৩) জেলা মহাসড়কের ৪৪তম কিলোমিটারে কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সওজের মালিকানাধীন জমির ওপর টিনশেড ও আধাপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সড়ক উপ-বিভাগের নোটিশে আরও বলা হয়,কচুয়াকাঠী এলাকায় বিদ্যমান বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। ফলে সরকারি উন্নয়নকাজের স্বার্থে ওই জমি দ্রুত দখলমুক্ত করা জরুরি হয়ে পড়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে ‘মহাসড়ক আইন,২০২১’ অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সতর্ক করা হয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন,ভূমি প্রশাসন,থানা পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষকেও নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়াকাঠী বেইলি সেতু ও সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। সেতু এলাকায় স্থাপনা থাকায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে সেতুর পরিবর্তে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
তাদের প্রত্যাশা, অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করে নতুন সেতু নির্মাণের কাজ নির্বিঘ্ন করা হবে। এতে যানবাহন চলাচল আরও নিরাপদ হবে, কমবে জনদুর্ভোগ এবং দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ এ যোগাযোগপথে স্বস্তি ফিরবে।