
নবীজির আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান;
স্টাফ রিপোর্টার; হাফিজুর রহমান হাবিব :
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, সুন্নাহ ও ইসলামের শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদরের চৌরাস্তা বাজারে তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসাইন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. মফিজ উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসাইন এবং এনসিপির তেঁতুলিয়া উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও জীবনদর্শন অনুসরণ করলেই মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ সুগম হবে। বর্তমান সংকটময় ও অস্থির বিশ্বে নবীজির উদারতা, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, অশান্ত ও কলুষিত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করতে হবে। তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবতার কল্যাণ ও শান্তির শিক্ষা রয়েছে। তাই তাঁর পবিত্র জীবন ও আদর্শের আলোকে নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্বমানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।