
মোঃ নুরুজ্জামান খোকন;
কাউখালী(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার(৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান,প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালী,শিক্ষক জহিরুল ইসলাম ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন,একটি শিক্ষিত,দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা শিক্ষার মানোন্নয়নের অন্যতম পূর্বশর্ত।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা,আস্থা ও সুসম্পর্ক থাকা জরুরি। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল শিক্ষাদানের ওপরও গুরুত্ব দিতে হবে।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন,বিদ্যালয়ে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষক,অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ শিক্ষা পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।