পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণে কচাঁর নদীতে মৎস্য অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আইন অনুযায়ী একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভান্ডারিয়া উপজেলার কচাঁর নদীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।
অভিযানকালে জাটকা ও মা ইলিশ শিকারসহ নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন অনুযায়ী একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়।
মৎস্যসম্পদ রক্ষা,মা ইলিশের প্রজনন নিশ্চিত করা এবং নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে,নদীতে অবৈধ মাছ শিকার বন্ধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।