মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি ;
মোংলা কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বাণিজ্যিক জাহাজে হুমকি ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (রবিবার) দুপুরে মোংলা কাস্টমস হাউজের সামনে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার এসোসিয়েশন,শিপ চ্যান্ডেলর, ব্যবসায়ীবৃন্দ’র আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে উত্থাপিত অভিযোগে বক্তারা তাদের বক্তব্যে সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, বাণিজ্যিক জাহাজে আগত বিদেশি নাবিকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করা। কাস্টমস সংক্রান্ত বিভিন্ন সেবা ও ভেন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ অর্থ আদায় করা। জাহাজ থেকে বিদেশি মদ এবং বিদেশি সিগারেট অবৈধভাবে বহন করে খুলনায় বিক্রি করারও অভিযোগ করেন মানববন্ধনে বক্তারা।
এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন অপরাধমূলক কর্মকাণ্ড মোংলা বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বৈধ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা দুর্বিষহ করে তুলেছে। তারা অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার এসোসিয়েশন,শিপ চ্যান্ডেলর, ভুক্তভোগী ব্যবসায়ীরা এ মানববন্ধনে বক্তব্য দেন এবং আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শামিম, ইউসুফ, সেলিম, মামুন ভুইয়া, সুমন মল্লিক, শামিম মল্লিক,নুরউদ্দিন টুটুল,আল আমিন, বেল্লাল হোসেেন মহসিন পাটোয়ারী , সোহাগ, রাজ বাপ্পা সহ স্থানীয় বৈদেশিক জাহাজের বৈধ ব্যবসায়ীরা
ব্যবসায়ীরা হুশিয়ারি দিয়ে মানববন্ধনে বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া মানববন্ধন শেষে সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের অপসারণ চেয়ে মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোঃ গিয়াস কামাল বরাবর স্মারক লিপি প্রদান করেন মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার এসোসিয়েশন,শিপ চ্যান্ডেলর, ব্যবসায়ীবৃন্দরা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোঃ গিয়াস কামাল ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগগুলোর তদন্ত করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।