মোঃ নুরুজ্জামান খোকন,
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের অভিযানে সন্ধ্যা নদী থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে জেলেরা অভিযানের খবর পেয়ে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়ে যান। পরে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় জালগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল লোকালয়ে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান,মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান ও তদারকি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে ইলিশ শিকার করতে না পারে,সে জন্য মৎস্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান,কাউখালী উপজেলার বিভিন্ন নদীতে ইতোমধ্যে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা মৎস্য কর্মকর্তা,নৌ পুলিশ ও কাউখালী থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান,মা ইলিশের প্রজনন সুরক্ষা,ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে নদীতে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে,ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জেলে,মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন ভূমিকা রাখতে হবে।