এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। একই অভিযানে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং প্রায় দুই কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানের সময় সার্বিক তদারকি ও পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে পদ্মা নদীতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিক্রি কিংবা ক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। কেউ আইন অমান্য করে নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
প্রশাসনের আশা, এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারবে, ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।