পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ভান্ডারিয়া থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ ভান্ডারিয়া, টিএনটি রোড এলাকায় শহিদুল কবিরাজের বসতঘরের সামনে ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১.মোঃ রাহাত কবিরাজ। ২.মোঃ শহিদুল কবিরাজ (৫৩)।
তারা উভয়েই ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে এসআই পলাশ বিশ্বাস জানান,মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।