নিজস্ব প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে ২১৯ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৯২ জনকে বিনা মূল্যে চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের জন্য ২৮ জন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
‘ছানি অন্ধত্বের অন্যতম কারণ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ চক্ষু শিবিরে স্থানীয় মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে চিকিৎসাসেবা কার্যক্রম।
শিবিরের আয়োজক ও সারেংকাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক গোলাম আযম আছলাম জানান, চিকিৎসক দলের সদস্যরা দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়েছেন। বিনা মূল্যে এ সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের জন্য নির্বাচিত ২৮ জন রোগীর মধ্য থেকে ১৮ জন আগামী ৩০ অক্টোবর বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের জন্য যাবেন।
চক্ষু শিবির আয়োজনে সহযোগিতা ও বিদ্যালয়ের প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ দেওয়ায় পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
শিবিরটির সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ছিল বরিশালের বগুড়া রোডে অবস্থিত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল।