পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধূলিয়ারি কদমতলা এলাকায় একটি কুচক্রী মহলের বিরুদ্ধে পৈত্রিক ভিটা-বাড়ি জবরদখলের অপচেষ্টা এবং নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
আদালতের নথিপত্র সূত্রে জানা যায়, পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ২২০/২০২৬, পিআর; ধারা: ১৪৩/৩৮৫)। উক্ত মামলায় বাদী হিসেবে রয়েছেন বেলায়েত হোসেন হাওলাদার (পিতা: মৃত আজাহার আলী হাওলাদার, সাং: ধূলিয়ারি কদমতলা, থানা ও জেলা: পিরোজপুর সদর)। মামলায় তার সহযোগী হিসেবে আব্দুল জব্বার খান (পিতা: আশরাফ আলী খান), বজলু শেখ এবং বিবাদীর বড় ভাই লোকমান হাওলাদারের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার শিকার বা ভুক্তভোগীপক্ষ হলেন মৃত মোতালেব আলী হাওলাদারের তিন ছেলে—মিজানুর রহমান হাওলাদার ওরফে মিজান, ইব্রাহিম আলী হাওলাদার এবং একরাম আলী হাওলাদার। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় তারা জবরদস্তিমূলকভাবে পৈত্রিক ভিটা-বাড়ি জবরদখল করার অসৎ উদ্দেশ্যে নিরীহ এই পরিবারটির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে চরম হয়রানি করে চলেছেন।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ও কুচক্রী এই চক্রটি নানা ফন্দিফিকির করে সাধারণ মানুষের জমিজমা দখলের পাঁয়তারা চালাচ্ছেন। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।