
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মোঃ জহিরুল ইসলাম প্রিন্স বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (অফিসার) পদে কমিশন লাভ করেছেন। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কমান্ডার তাঁর কাঁধে অফিসার ব্যাচ র্যাঙ্ক পরিয়ে দেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও অসাধারণ মেধার স্বীকৃতি হিসেবে তিনি এই গৌরবময় কমিশন অর্জন করেন।
জানা গেছে,মোঃ জহিরুল ইসলাম প্রিন্স ২০০৭ সালে বিজিবিতে সৈনিক পদে যোগদান করেন। চাকরিজীবনের প্রতিটি ধাপে নিষ্ঠা,সততা ও দক্ষতার পরিচয় দিয়ে তিনি সহকারী পরিচালক নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বিশেষ কৃতিত্ব অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ থেকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
মোঃ জহিরুল ইসলাম প্রিন্স পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদ ও নুরুন্নাহার বেগম দম্পতির একমাত্র সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এলাকাবাসী বলেন,”জহিরুল ইসলাম প্রিন্সের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, পুরো কাউখালী উপজেলার জন্য গর্বের বিষয়। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশের সেবা ও দায়িত্ব পালনে আরও সাফল্য কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, জহিরুল ইসলাম প্রিন্স তাঁর মেধা,যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বিজিবির সুনাম বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।