
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শফিউল আলম (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক শফিউল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মরিরগুনা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ রাশেদ আহমেদ ও খতিজা বেগমের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট-১ এর কাছে সোয়েবের মাছের ঘেরের পাশ দিয়ে একজন ব্যক্তিকে কারেন্ট জাল হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। ওই ব্যক্তি জেলের ছদ্মবেশে মিয়ানমার সীমান্তের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন বলে বিজিবি জানায়।
এ সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। তল্লাশি চালিয়ে তার হাতে থাকা কারেন্ট জালের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কারেন্ট জালও জব্দ করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।