
মোঃ নাসিরউদ্দিন ;সটাফ রিপোর্টার ;
মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের বোনাপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ লিটারের অধিক প্রস্তুতকৃত চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজের শান্তি প্রতিষ্ঠায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।