
পিরোজপুর প্রতিনিধি:
অবৈধভাবে ভারত থেকে আসা কাপড়ের চালান বহনকারী একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুরের হুলারহাট খাল থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বিসিজি স্টেশনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীর দক্ষিণ চরদোয়ানী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়।
কোস্টগার্ডের সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুত পিরোজপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দলটি ধাওয়া করে। একপর্যায়ে ট্রলারটি পিরোজপুরের হুলারহাট খালে নিয়ে রেখে এর সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।
পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি জব্দ করে তল্লাশি চালান। তল্লাশির সময় ট্রলারে বিপুল পরিমাণ কাপড় পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে কাপড়ের সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড জানিয়েছে,জব্দ করা ট্রলারে থাকা কাপড় গণনা ও যাচাই-বাছাই শেষে এর প্রকৃত পরিমাণ এবং চালানের বিস্তারিত তথ্য জানা যাবে।
কোস্টগার্ডের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে, দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করানো কিংবা চোরাচালানের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চোরাচালান প্রতিরোধে নদীপথে কোস্টগার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গ করে কেউ পালিয়ে গেলেও তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
জব্দ করা ট্রলার ও উদ্ধার করা কাপড়ের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।