বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ;
এম এ রাজ্জাক (সুমন), লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেজা ও বিডার সিনিয়র সহকারী সচিব এবং নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব রাবেয়া পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং নবম শ্রেণির শিক্ষার্থী জাবলে নুর তাজরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি খেলাধুলাকেও সম্ভাবনাময় পেশা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে লৌহজং উপজেলা মুন্সিগঞ্জ জেলার অন্যতম অগ্রগামী। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব, ইংলিশ লার্নিং ক্লাব এবং কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে স্থাপিত ‘হার স্পেস’ কক্ষের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক বলে অভিমত ব্যক্ত করেন।
এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
দৈনিক বাংলার আলো
মোবাইল: ০১৭২৫০৩৯৩০০