
মোঃ নুরুজ্জামান খোকন;
কাউখালী(পিরোজপুর);
পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মোঃ আলামিন কাজী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা সয়না রঘুনাথপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলামিন কাজী পূর্ব বেতকা এলাকার কাজী বাড়ির বাসিন্দা। তিনি মোঃ সোহরাব কাজী ও মোসাঃ লিপি বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার মামলা নম্বর-৩ (তারিখ: ১৩ অক্টোবর ২০২৪ ইং)-এর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার তদন্তে আলামিন কাজীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন শেখের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটের দিকে পূর্ব বেতকা সয়না রঘুনাথপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আলামিন কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যের পাশাপাশি স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলামিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।