মো. নুরুজ্জামান খোকন, কাউখালী (পিরোজপুর):
রাতের আঁধারে চুরি,ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কাউখালীর সদর রোডসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি নিয়মিত পাহারা, বাজার কমিটির তদারকি এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন ও দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.সোয়াইব সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় ওসি আনোয়ার হোসেন বলেন,চুরি-ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাতে পর্যাপ্ত আলো রাখতে হবে। বাজারে নিয়মিত পাহারা দিতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। বাজারের নিরাপত্তায় পুলিশ,ব্যবসায়ী ও বাজার কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে ওসি বাজারের অলিগলি, তরকারি বাজার,মাছ বাজার ও কাঠ বাজার পরিদর্শন করেন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল না রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন, যাতে জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে।
দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোয়াইব সিদ্দিকী বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় পুলিশের এ উদ্যোগ সময়োপযোগী। এ কাজে ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে,উপস্থিত ব্যবসায়ীরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দেন।