এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম ‘আগামীর আলোর যাত্রা’। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
দিনব্যাপী আয়োজনে তিনটি পৃথক সেশনে শিক্ষার্থীদের জন্য প্রেরণামূলক ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। পড়াশোনায় আগ্রহ, লক্ষ্য নির্ধারণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিবিষয়ক সেশন পরিচালনা করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আবদুর রাজ্জাক। নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনের ওপর আলোচনা করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ.এস.এম. রহমত উল্লাহ ভূঁইয়া। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এর গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ দেন প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্যপ্রযুক্তি সমন্বয়ক প্রকৌশলী ফজলে রাব্বি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানান।