এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী মানবিক কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার হলদিয়া ইসরাত কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১১ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেডিকেল ক্যাম্পটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খানসহ নেতারা বক্তব্য রাখেন।
সভায় আগামী তিন দিন জেলাজুড়ে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ধারাবাহিক সামাজিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
০১৭২৫০৩৯৩০০