এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা জাল থেকে উদ্ধার হওয়া প্রায় ২ কেজি ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মা ইলিশ রক্ষা এবং নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের সতর্ক করে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ বিশেষ অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।