ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
গত ১২ নভেম্বর রাত ১:৪৫ মিনিটে পাবনার ভাঙ্গুড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন—ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুল আলিম ও জুয়েল রানা দুজনই অষ্টমনীষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুনরায় নাশকতার ছক কষছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে, তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”
পুলিশ আরও জানায়, আটক দুই ব্যক্তি অষ্টমনীষা ইউনিয়নের বিস্ফোরক মামলার আসামি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।