বাবা-ছেলের বিরুদ্ধে ৩২টি মামলা, গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় ২৭টি মামলার আসামি কথিত ডাকাত মনির হোসেন প্রকাশ মইন্যা ডাকাত ও তাঁর ছেলে পাঁচটি মাদক মামলার আসামি মাঈন উদ্দিন প্রকাশ শুভকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। বাবা-ছেলের বিরুদ্ধে মোট ৩২টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার এএসআই হাতেম মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মনির হোসেনের বাড়ি উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চারটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা এবং পাঁচ বছরের সাজা পরোয়ানা রয়েছে।
অন্যদিকে, তাঁর ছেলে মাঈন উদ্দিন প্রকাশ শুভর বিরুদ্ধেও পাঁচটি মাদক মামলা রয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মনির হোসেন ও তাঁর ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তাঁদের গ্রেপ্তারের খবরে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।