মোঃ নুরুজ্জামান খোকন ;
পিরোজপুর:
পিরোজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক আসামিকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নাজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের গঠিত রেইডিং টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়ার মৃত রফিক শেখের ছেলে নাজিম শেখ(২৬),মাছিমপুর নড়াইলপাড়ার মৃত ইজাজুল সিকদারের ছেলে রিয়াজুল সিকদার(২৭),বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রামের অসিম কুমার সেনের ছেলে হৃদয়শীল(২২), পিরোজপুর সদর উপজেলার আদর্শপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাগর হোসেন(২৫) এবং মাছিমপুর এলাকার মো.কালাম শেখের ছেলে তারেক শেখ (২৫)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি পৃথক মামলা দায়ের করেন। মামলাগুলোতে প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা বলেন,মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ সংরক্ষণ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে পিরোজপুরকে মাদকমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।