মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি;
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিশেষ করে যেসব এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কঠোর নজরদারি রাখছে।
তিনি আরও জানান, কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক কারবার, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।