মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;
রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত আঃ রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আঃ রাজ্জাক একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোহনপুর উপজেলার করিষা গ্রামে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করে।
মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটনে নামে। চুলচেরা বিশ্লেষণ ও নিবিড় তদন্তের একপর্যায়ে এই হত্যাকাণ্ডে আঃ রাজ্জাকের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মোহনপুর থানা পুলিশের একটি দল ও এসআরবি (SRB) সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে মোহনপুর থানার এসআই আব্দুর রহিম বলেন, “পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের পর থেকেই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছিলাম। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে করিষা গ্রাম থেকে আঃ রাজ্জাককে আটক করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃত রাজ্জাককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।