
মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা উপজেলা প্রতিনিধি ;
প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসুচি পালন করা হয়। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা “ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ এন্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ” প্রকল্পেন আওতায় এ কর্মসুচি পালন করা হয়। আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচির সহ-আয়োজক ছিলো পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
বুধবার সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় বক্তৃতা করেন জাতিসংঘ শিল্প ও উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মোঃ মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, প্রথম আলো বন্ধুসভার ধীমান মন্ডল, ইয়ুথ ফর সুন্দরবন’র জান্নাতুল সাদিয়া প্রমূখ। সঞ্চালনায় ছিলেন জানে আলম বাবু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মোঃ সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন এবং পরিচ্ছন্নতা অভিযান থেকে মানুষের দৈনন্দিন জীবন শৈলী ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রত্যাশার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বাগেরহাটের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় স্হানীয় প্রশাসন, প্রতিষ্ঠান ও জনগনের সমন্বিত কার্যক্রমের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক শপথ গ্রহণ করেন। পরে সবাই অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। আলোচনা সভা ও শপথ গ্রহণ শেষে সচেতনতামূলক একটি র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করেন। আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসুচিতে তিন শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন বলে জানা যায়।