মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি বইপড়া, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতে নানা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। বই ও বৃক্ষের প্রতি ভালোবাসা থেকে তিনি দেবিদ্বারকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও জ্ঞানভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
নিজ উদ্যোগে ইতোমধ্যে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের হাতে বই উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি দেবিদ্বারে একটি শীতাতপনিয়ন্ত্রিত গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনাও গ্রহণ করেছেন। তাঁর প্রত্যাশা, এই গ্রন্থাগার নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
শুধু বই ও বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নেই তাঁর উদ্যোগ। জনসচেতনতা তৈরি ও নাগরিক দুর্ভোগ কমাতে কখনো কখনো নিজেই রাস্তায় নেমে যান ট্রাফিক নিয়ন্ত্রণে। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভা আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।
দেবিদ্বার উপজেলাকে একটি সবুজ বাগানে রূপান্তরের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছেন ইউএনও অশোক বিক্রম চাকমা। এ কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন এনজিওর সহযোগিতায় শিশু পরিবারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় তিনি জানান, সরকার ঘোষিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি বই বিতরণ, গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমান, এনজিও ফোরামের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল করিম, আবেদা-মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, পেইজের শাখা ব্যবস্থাপক শেখ ফয়সল, সাংবাদিক জহির মারুফসহ অন্যরা।
বই, বৃক্ষ ও সামাজিক সচেতনতার সমন্বয়ে দেবিদ্বারকে একটি সুন্দর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছেন ইউএনও অশোক বিক্রম চাকমা।