“মেয়াদোত্তীর্ণ প্রাণী ওষুধ ও খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা”
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ প্রাণী ওষুধ এবং খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কাউখালী উপজেলার চিরাপাড়া,গাজীরহুলা, বেকুটিয়া নতুন বাজার ও শিয়ালকাঠী কামিল মাদ্রাসা এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ প্রাণী ওষুধ এবং খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় কাউখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তাদের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ছিনিমিনি বরদাশত করা হবে না। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ কিংবা খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত ও প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানাচ্ছি। অন্যথায় অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।