মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও নিয়মনীতি না মেনেই এসব স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা হোটেল ও চায়ের দোকানে চুলার পাশেই রাখা হচ্ছে ছোট-বড় গ্যাস সিলিন্ডার। অনেক ক্ষেত্রে সিলিন্ডার ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে। ফলে ঝুঁকির মধ্যেই চলছে রান্না ও খাবার তৈরির কার্যক্রম।
স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এভাবে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হলেও কার্যকর তদারকি চোখে পড়ছে না। যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জননিরাপত্তার স্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তাবিধি না মানার বিষয়টি উদ্বেগজনক। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং শিগগিরই অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
সচেতন মহলের প্রত্যাশা, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এবং নিরাপদভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সচেতন করবে।