বড় পত্রিকার সাংবাদিক ও ছোট পত্রিকার সাংবাদিক: মর্যাদা কি আলাদা?
সম্পাদকীয়;
সাংবাদিকতা কখনো পত্রিকার আকার, প্রচারসংখ্যা কিংবা প্রতিষ্ঠানের নাম দিয়ে বিচার করা যায় না। সাংবাদিকতার প্রকৃত পরিচয় নির্ধারিত হয় সততা, সাহস, পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্ববোধের মাধ্যমে।
বড় পত্রিকায় কাজ করেন বলে একজন সাংবাদিক বেশি সম্মান পাবেন, আর ছোট পত্রিকায় কাজ করেন বলে অন্য একজন সাংবাদিক অবহেলিত হবেন—এমন মানসিকতা সাংবাদিকতার চেতনার সঙ্গে যায় না।
বড় পত্রিকার সাংবাদিকদের সুযোগ-সুবিধা, পরিচিতি, বেতন ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা তুলনামূলক বেশি থাকতে পারে। অন্যদিকে, ছোট পত্রিকার অনেক সাংবাদিক সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতার মধ্যেও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় তাঁদের শ্রম, ত্যাগ ও ঝুঁকির যথাযথ মূল্যায়ন হয় না।
কিন্তু প্রশ্ন হলো, সংবাদ কি শুধু বড় পত্রিকার সাংবাদিকের হাতেই সত্য হয়? ছোট পত্রিকার সাংবাদিকের প্রকাশিত সংবাদ কি গুরুত্বহীন? কোনো ঘটনার সত্যতা কি সংবাদমাধ্যমের আকার দেখে নির্ধারিত হয়?
মনে রাখতে হবে, সংবাদমাধ্যম ছোট হতে পারে, কিন্তু একজন সাংবাদিকের বিবেক, সাহস ও দায়িত্ববোধ ছোট হতে পারে না।
একজন সাংবাদিকের পরিচয় তাঁর প্রতিষ্ঠানের নাম নয়; তাঁর পরিচয় তাঁর কর্ম, সততা ও পেশাগত নৈতিকতা।
বড় পত্রিকার সাংবাদিকদের যেমন সম্মান করতে হবে, তেমনি ছোট পত্রিকার সাংবাদিকদেরও প্রাপ্য মর্যাদা দিতে হবে। পারস্পরিক হিংসা, অহংকার কিংবা বিভাজন নয়—সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য গড়ে তুলতে হবে।
সাংবাদিকতা কোনো বড়-ছোটর প্রতিযোগিতা নয়, এটি সত্য প্রকাশের দায়িত্ব।
যে সাংবাদিক সত্যের পক্ষে কলম ধরেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং মানুষের কথা তুলে ধরেন—তিনিই প্রকৃত সাংবাদিক।
পত্রিকা বড় হলেই সাংবাদিক বড় হন না, সাংবাদিক বড় হন তাঁর সততা, সাহস ও আদর্শের কারণে।
— মোঃ জহিরুল ইসলাম