
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ,দুটি ওয়াকিটকি,ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ শাওন ইসলাম অপু(২৪)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাউখালী থানাধীন ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী এলাকার মৃত মো: শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।
পুলিশ জানায়,পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মো.এবাদত আলী মোল্লার তত্ত্বাবধানে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। সোমবার বিকেলে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন ওই ভবনের ছাদে অভিযান চালানো হয়।
অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ বলছে,প্রতিটি কার্তুজের গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। এছাড়া মালয়েশিয়া ও ক্রোয়েশিয়ার তৈরি দুটি ওয়াকিটকি সেট, ‘PIETRO BERETTA,US, 9mm M9-P BERETTA, MOD.22FS, CAL9’ লেখা একটি খেলনা পিস্তল,দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স,একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার,দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি,উদ্ধার করা এসব সামগ্রীর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অস্ত্র, মাদকসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও এগুলোর ব্যবহারের উদ্দেশ্যসহ গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে,গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার করা সামগ্রীর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।