বিশেষ প্রতিনিধি;
মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে ‘কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম’। গত ১৮ অক্টোবর, রোববার নিউইয়র্কের একটি অভিজাত মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আব্দুস সবুর এবং সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাদলের উদ্যোগ ও তত্ত্বাবধানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সাবেক ছাত্রনেতা সাফায়েত হোসেন রুমান। সভায় সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ বিএনপি অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থিতা ঘোষণার পর ৫৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে ফোরামের নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে মো. জসীমউদ্দিন ভিপি আহ্বায়ক এবং মো. কামরুল হাসান সদস্য সচিব নির্বাচিত হন। এ ছাড়া একেএম আজিজুল বারী তিতাস যুগ্ম আহ্বায়ক এবং মো. হুমায়ূন কবির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক মো. জসীমউদ্দিন ভিপি বলেন, ‘প্রবাসে কুমিল্লা বিভাগের সব জেলার জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসের মাটিতে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সদস্য সচিব মো. কামরুল হাসান বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাস থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম অগ্রণী ভূমিকা রাখবে। দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।’
আয়োজক ও জ্যেষ্ঠ নেতারা আশা প্রকাশ করেন, এই ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগের আওতাধীন জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং দলের মূল ধারার রাজনীতি আরও শক্তিশালী হবে।
সভা শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা।