কলেজ থেকে ৫০০ গজ দূরের জলাশয়ে মিলল মরদেহ, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ;
মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজের এক ভারতীয় কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আদনান আলতাফ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের কাছাকাছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ হোসেন রাথার। তিনি ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন আদনান। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পাশাপাশি তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও দেওয়া হয়।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুরে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাকেও তাঁর সঙ্গে কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত ও প্রয়োজনীয় তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।