মোঃ নুরুজ্জামান খোকন,
(পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে মোঃ শাহজাহান আকন (৬৫-৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় পথচারীরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শাহজাহান আকন কাউখালী উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মোঃ মিরাজ হোসেন আকনের পিতা। তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শাহজাহান আকন উপজেলা পরিষদ মসজিদে জামাতে নামাজ আদায় করেন। পরে তাঁর ছোট ছেলে মিরাজ হোসেনের উপজেলা পরিষদ কোয়ার্টারের বাসায় নাশতা করেন। আনুমানিক সকাল ৮টা থেকে ৯টার মধ্যে গোসল করার উদ্দেশ্যে উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে যান। এরপর গোসল করতে পানিতে নামলেও আর উপরে ওঠেননি তিনি।
পরিবারের ধারণা,পুকুরে গোসল করতে নামার পর হঠাৎ মিনি স্ট্রোক বা শারীরিক অসুস্থতার কারণে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়,শাহজাহান আকন বেশিরভাগ সময় মসজিদে ইবাদত-বন্দেগিতে কাটাতেন। কিছুদিন আগে তাবলিগ জামাতের সঙ্গে তিন চিল্লায় চার মাস সময় অতিবাহিত করে বাড়িতে ফেরেন। গতকাল মঙ্গলবার পিরোজপুরে বড় ছেলের বাসা থেকে কাউখালীতে ছোট ছেলে মিরাজ হোসেনের বাসায় আসেন।
দুপুরে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে শনাক্ত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত ছেলে মিরাজ হোসেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। গোসল ও যোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহটি পিরোজপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে।
এ বিষয়ে কাউখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.এবাদ আলী মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে উল্লেখ করেন।
একটি স্বাভাবিক সকাল মুহূর্তেই পরিবারের জন্য বয়ে আনল অপূরণীয় শোক। বাবাকে হারিয়ে শোকাহত ছেলে মিরাজ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।