প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি;
মোঃ আবুরায়হান ইসলাম;
মোংলা উপজেলা প্রতিনিধি:
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বন্দরের জেটি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সিবিএকে যোগ্য নেতৃত্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। তাই উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বন্দরের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র মতপার্থক্য উপেক্ষা করে মালিক-শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। মোংলা বন্দরসহ এ অঞ্চলের উন্নয়নকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেটির প্রবেশদ্বারের পাশে দুটি বৃক্ষরোপণ করেন। পরে দেশ ও জাতির সার্বিক উন্নতি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।