দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ত্যাগী নেতৃত্বকে ফিরিয়ে আনার আহ্বান
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক তিনবারের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলীয় স্বপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
দেবিদ্বার উপজেলা বিএনপিকে পুনর্গঠন, সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং দলকে শক্তিশালী করার স্বার্থে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে এ আবেদন জানানো হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে দেবিদ্বারে বিএনপিকে সুসংগঠিত করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আবেদনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য।
দাবিদার নেতাকর্মীদের বক্তব্য, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং তারেক রহমানের রাজনৈতিক মনোবল ও আদর্শে অনুপ্রাণিত একজন বর্ষীয়ান নেতা হিসেবে পরিচিত।
তাঁদের দাবি, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচারী শাসনামলে তাঁর পরিবারও বিভিন্নভাবে রাজনৈতিক ও আইনি হয়রানির শিকার হয়েছে বলে তাঁর অনুসারীরা উল্লেখ করেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দেবিদ্বারের উন্নয়ন, রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করা এবং বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অবদান রয়েছে। তাঁকে দলে ফিরিয়ে আনা হলে দেবিদ্বার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিভক্ত নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথ সহজ হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি উল্লেখ করে আবেদনকারীরা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ড মোকাবিলা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। দেবিদ্বারে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নেতৃত্ব ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ দেওয়া উচিত।
তাঁরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে তাঁর দলীয় অবস্থানে ফিরিয়ে দিলে দেবিদ্বার বিএনপিকে নতুন করে সংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেবিদ্বারের বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, দলের বৃহত্তর স্বার্থ, সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাঁদের আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।