
কাউখালী(পিরোজপুর)
প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ২লক্ষ টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মামুন হোসাইন ওরফে বাবলু জমাদ্দারকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মামুন হোসাইন(বাবলু জমাদ্দার)উপজেলার নীলতি গ্রামের আঃ বারেক জোমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বুধবার (৯সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়,২০২৩ সালের একটি চেক জালিয়াতি (সিআর) মামলায় আদালত মামুন হোসাইনকে দুই বছরের কারাদণ্ড ও ২লক্ষ টাকা জরিমানা করেন। রায়ের পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। বিশেষ অভিযান পরিচালনার সময় প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র আরও জানায়, মামুন হোসাইন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর,অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য-সংক্রান্ত মামলায় তিনি ৮ নম্বর আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, “আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি মাদক,সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কাউখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে,গ্রেপ্তার মামুন হোসাইনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে ১০সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।