
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর থানাধীন কালিবাড়ি সড়কের পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে লাগা এ আগুনে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ রাত ১২:০১ ঘটিকার দিকে কাপুড়িয়া পট্টির ‘মেসার্স জাহাঙ্গীর টেইলার্স এন্ড ফেব্রিক্স’ (মালিক:জাহাঙ্গীর হোসেন বাদল) দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আরও পাঁচটি দোকানে আগুন লেগে যায়।
ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-১.মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স (সাইকেলের দোকান)মালিক: মশিউর রহমান। ২. আয়াশ স্টোর-মালিক: মহসিন। ৩. মেসার্স পিরোজপুর হার্ডওয়্যার -মালিক: আবু জাফর মোল্লা
৪.সাহেলা সাইকেল স্টোর-মালিক:আলী আকবর
৫.জয় টি স্টোর-মালিক: মাহবুবুল হক।
ঘটনা টের পেয়ে স্থানীয় সাধারণ মানুষ দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন এবং পিরোজপুর সদর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় রাত ১২:৪৫ ঘটিকার (৪৫ ঘটিকা) দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিমিষেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের দাবি,এই আগুনে অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পিরোজপুর সদর থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।