
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
দৈনিক সংগ্রামের পিরোজপুরের কাউখালী উপজেলা প্রতিনিধি,বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ সাইদুল কবির কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাইদুল কবির বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পিরোজপুরের গাজীপুর মৈশানী হারুনার রশিদ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই কর্মস্থল থেকে পিরোজপুরের বাসায় ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার একটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তাকে পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মেডিকেল অফিসার ও সার্জন ডা. সনজিৎ কুমার মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৪আগস্ট তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে বিশিষ্ট কনসালটেন্ট ডা.ফারজানা বিলকিস ইব্রাহিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। এরপর গত ১০আগস্ট বিশিষ্ট প্লাস্টিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম তার হাঁটুতে এক জটিল ও সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন।
তার এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন,জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন মহলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সদস্যবৃন্দ অধ্যাপক সাইদুল কবিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এছারাও সাইদুল কবির তার সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়া চেয়েছেন।