মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসেছে তরিতরকারির হাট। এতে ট্রেনে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চলাচলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে তরিতরকারি বিক্রির দোকান ও হাট বসানো হয়েছে। এতে যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করা এবং নিরাপদে ওঠানামা করা কঠিন হয়ে পড়েছে। প্ল্যাটফর্মটি যাত্রীদের ব্যবহারের জন্য হলেও সেখানে কীভাবে কাঁচাবাজার বসানোর সুযোগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও যাত্রীদের চলাচলের জায়গায় হাট বসানোর অনুমতি কে দিয়েছেন? এ হাটের ইজারা কীভাবে দেওয়া হয়েছে এবং ইজারার শর্তে প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।যাত্রীদের দাবি, রেলওয়ে প্ল্যাটফর্ম দখলমুক্ত করে স্বাভাবিক যাত্রী চলাচল নিশ্চিত করতে হবে।পাশাপাশি হাট বসানোর ইজারা ও অনুমোদনসংক্রান্ত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।