ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসন-৩০ (৩৩০)-এর সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনছারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। সভা শেষে হাসপাতালের সেরা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি এডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নিতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন এবং তাদের উন্নত সেবা নিশ্চিত করতে দায়িত্বরত চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।